Saturday, August 27, 2011

বড্ড বিশ্রী রকম বেঁচে আছি



বাস স্টপে দু মিনিট দেখা
কতদিন পর!তপু,কতদিন!
তুমি চলে যাবার পর আমি আর দিন গুনি না।
রাতের অন্ধকারে ঘুম যখন
নেমে আসে পৃথিবীতে নীল ডানা মেলে,
আমি জেগে থাকি।
জেগে থাকে আমার ঘরের পুবদিকের দেয়ালের টিকটিকিটি।
ক্ষণে ক্ষণে ডেকে উঠে টিক টিক করে
ঠিক ঘড়ির কাঁটার মত।
আমি ডাকি না,আমার যে ডাকার কেউ নেই!

ঘরের লাগোয়া বাগানে প্রতিদিন বিকেলবেলা বসে থাকি।
দখিনা হাওয়া ছুটে আসে,
ফুলের গন্ধের সাথে লুটোপুটি খেলে,
পরাজিত করে নিয়ে যায় দূরে কোথাও।
তাই আমি কোনো ফুলের গন্ধ পাই না।
কতদিন!কতদিন, তপু!
তোমার বুকে শিশুর মত মুখ গুঁজে
শিউলি ফুলের গন্ধ নেই না,
আশ্রয় খুঁজি না!

স্টেশনের শেষ ট্রেনটি যখন হুইসেল বাজিয়ে বিদায় নেয়,
আমি ছুটে যাই না ট্রেন ধরতে।
আমার যে কারো কাছে ফেরার নেই!
শেষ গন্তব্যের কোথায়ও কেউ অপেক্ষায় নেই!
কতদিন!আমি ছুটি না!
কাউকে আঁকড়ে ধরতে,
কাউকে খুঁজে পেতে!
কতদিন, তপু!

স্বপ্নহীন, স্বাদহীন, তুমিহীন এ জীবনে,
আমি কি বেঁচে আছি!
জানা ছিল না।
বাস স্টপে দেখা হঠাৎ দু মিনিট
ঝড়ো হাওয়ায় অতীতের পাতা উল্টে
চাওয়া পাওয়ার সব হিসেব কষে,
আমায় জানিয়ে গেলো-
আমি বেঁচে আছি।
তোমাকে ছাড়া বড্ড বিশ্রী রকম বেঁচে আছি!

1 comment:

Mitra said...

Boddo bhalo likhecho