Saturday, August 20, 2011

আমাকে খুঁজো না আর

খই এর দাগ ধরে এসো
আমি আমার ঠিকানা বদলেছি
পুরোনো ঠিকানা খুঁজে লাভ নেই আর
চেরা বুকে সেলাই হয়নি এখনো
খোলা বুকে খুঁজো তুমি সুঁচের কবিতা।।

উলুধ্বনি শুনে শুনে পথ চিনে এসো
আমি আমার ডাক বদলেছি
যদিও অমঙ্গল হবে জানি
তবু, সাঁঝবাতি জ্বেলো না আর
চেরা বুকে জ্বালাবার আগুন পাবে না।।

পোড়া শরীরের ঘ্রাণ নিয়ে এসো
আমি আমার শরীর বদলেছি
যদি পথ চিনে নিতে পারো ঠিক
খুঁজে পাও সঠিক ঠিকানা
গরম ছাইয়ে চোখ থেকে ফেলোনা জল দু’ফোঁটা;
সে ছাইয়ে পেতে চেয়ে আমাকে পাবে না।।

No comments: