Friday, June 25, 2010

উন্মাদ রাত্রির দিনোলিপি ৩

নষ্ট মুহুর্তেরা ক্লান্ত ঠোঁটের স্নেহতাপে
দ্রাঘিমা পেরিয়েও অন্তর্লীন জিঞ্জাসা!

তবে কেন,
জ্বলন্ত মোমের পাশে দাঁড়িয়ে
খুলেছিলে মেয়েবেলার আঁচল
স্ফীত তলপেট ছুঁয়েছিলো কম্পিত তালু

তবে কেন,
ছোঁয়াচে রোগের মত দ্রুত পায়ে
হেঁটে গিয়েছিলে তৃষ্ণার্ত ছায়াপথ ধরে
শূন্য ঘুমের নিস্তব্ধতায় এনেছিলে শরীরী স্পন্দন

প্লাবিত নদীর বুকের ধুমায়িত মেঘে ছিল আত্মহননের প্রতিশ্রুতি
তবে কেন, দলছুট ছোট্ট হাতিটির মত
অনাত্মীয় আত্মার সঙ্গে এখন শুধুই সাদা-রক্ত খেলা

ফিরতে তোমাকে হবেই দীর্ঘ সর্পিল চুম্বনের পর
তবে কেন.........

....................................


তেঁতুল পাতায় শুয়ে চাঁদের সঙ্গে শুরু খেলা...
আগুনের ঢেলা নাচে বুকের ভেতরে
নতুন ঋতুর গন্ধে জেগে ওঠে নতুন কিশোরী
চোখে তার অন্য এক ভাষা।

সে ভাষায় বিরহ ও মিলনের আশ্চর্য ইশারা।

শরীরে শরীর খুঁজছে সুখ ও অসুখ
ছুঁতে চায় বিন্দু ও ত্রিভূজ
নিখুঁত মুদ্রায়।

তেঁতুল পাতায় শুয়ে চাঁদের সঙ্গে শুরু খেলা
সে খেলায় বেড়ে যায় আকণ্ঠ পিপাসা।

........................


কেন যে বোঝ না তুমি
এই স্বাদ পুরোনো সঞ্চয়
বেঁছে থাকার ভেতরে অনর্গল স্বপ্ন বিনিময়।
তুমি তো শিকড় তুলে এনে দাও
প্রাসঙ্গিক রাত
টিউশন শেষে গরম গরম ভাত।

অফুরান ব্যর্থতায় আমি
ডাকটিকিটে সাঁটা বাদামী খাম
আর্দ্র চোখে মুছে ফেলি অনিশ্চিত ঘাম।

No comments: