Friday, August 26, 2011
সব পেলে নষ্ট জীবন
1
এখন আমার সুর্যমুখী বেলা
চোখের তারায় দুপুর গড়ায় হেসে
স্মৃতির কিছু মেঘ ছিলো বুক জুড়ে
বিকেল হলেই বৃষ্টি এসে মেশে।
জড়িয়ে ছিলাম তোমায় পাতায় ডালে
বুকের কোনায় রাখছিলে সব ঘৃণা
ভালোবাসায় গরল মাখামাখি
ছোবল জুড়ে তরল বিষের ফেনা।
তোমায় ঘিরে কাটছে যত মায়া
শীত ঘুমেতে কাতর দুটি পা
অঙ্গীকারের শিকল আমার ঘরে
বুকে হাঁটা তবুও থামলো না।
দশ আঙুলে তোমার মাথার চুলে
নির্জনতায় অনেক কথা বাকি
তোমার আমার দেওয়াল পরস্পর
জীবনটা কি এত বড়ই ফাঁকি?
2
চাঁদ তুমি
খড় কুটো খুঁজে পেলে
একটু আগুন দিও জ্বেলে
তোমার কলঙ্ক রেখার পাশে
শোব আমি
চিতা নিভে গেলে ।।
Saturday, August 20, 2011
আমাকে খুঁজো না আর
আমি আমার ঠিকানা বদলেছি
পুরোনো ঠিকানা খুঁজে লাভ নেই আর
চেরা বুকে সেলাই হয়নি এখনো
খোলা বুকে খুঁজো তুমি সুঁচের কবিতা।।
উলুধ্বনি শুনে শুনে পথ চিনে এসো
আমি আমার ডাক বদলেছি
যদিও অমঙ্গল হবে জানি
তবু, সাঁঝবাতি জ্বেলো না আর
চেরা বুকে জ্বালাবার আগুন পাবে না।।
পোড়া শরীরের ঘ্রাণ নিয়ে এসো
আমি আমার শরীর বদলেছি
যদি পথ চিনে নিতে পারো ঠিক
খুঁজে পাও সঠিক ঠিকানা
গরম ছাইয়ে চোখ থেকে ফেলোনা জল দু’ফোঁটা;
সে ছাইয়ে পেতে চেয়ে আমাকে পাবে না।।
Sunday, October 3, 2010
আলোকলতার ধানসিঁড়ি পথ মঞ্জু শাওন মঞ্জুরী
গুঞ্জা গুঞ্জা ফুলম্ তেলে আয় বুড়ি তোর মন ধরি;
মন যা, মন যা, যা উড়ে যা, মেঘ পেখমের রং বেরং-
মনকিশোরী তন্কিশোরী মন ঠিকানা জবর জং,
রাখ্ রাখালি পাখ্ পাখালি উড়ুৎ ফুরুৎ কন্ঠিহার,
মন দিয়ে ছুঁই, চোখ দিয়ে ছুঁই, জল কাঙালী ঘন্টিদার;
মন ঠিকানা আর ঢাকে না, এবার বুড়ি দুচোখ তোল
জলের বাজনা জল বাজাচ্ছে ভেতর পানে গন্ডোগোল।
Tuesday, September 28, 2010
একটি পাগল ঘুরতেছিল তারই চারপাশে
এ-পথ দিয়ে ও-পথ দিয়ে লালপেড়ে ভৈরবী
কখন সে যে আসে, সম্মোহনীয় আগুনখেলা
ব্যাপ্ত চরাচরে অনেকখানি পোড়ায়
ভালোবাসা ফুরিয়ে গেলে জীবন যে তার
ব্যাঙে টানা রেলগাড়ী,
সবটা নয়, বালক এখন কিছু বুঝতে পারে,
সেই মেয়ে আজ নিজের অন্ধকারে
গভীরগোপন ক্ষত
কবিতা দিয়ে জোড়ায়
Thursday, July 1, 2010
প্রলাপ
যারা আমাকে বিপরযয়ের মতো শত্রু ভাবে
যারা আমাকে নিক্ষেপিত সিগারেটের মতো ব্যবহার করে
যারা আমাকে সাইক্রিয়াটিষ্ট পেশেন্টের মতো ভালোবাসে
যারা আমাকে নিন্মচাপের মতো গালি দেয়
তারা সুখী হোক
অমোঘ বৃষ্টিতে ভিজে যাক তাদের অভিশাপ
বর্ষাই বৃক্ষের আয়ু বাড়ায়
অভিশাপের আয়ু বাড়াতে বাড়াতে
কলুষিত কঙ্কাল বেরোয় এক সময়...
আমার কঙ্কাল-শরীর ধরে রেখেছে
ওদের এক একটি কষ্ট পাওয়ার প্রতিক্রিয়া
গড ব্লেসড্ দেম ।।
.......................................
এ জন্ম তো পরাজয়, ষোলআনা চৈতালি বিকেল।
যেখানে যেটুকু চাই, একটু পাই বেশিটুকু ফেল্।
ফেল্ করলে দাদাবাবু দার্শনিক হতে ভাল লাগে।
আমি তো দেখেছি কিছু ফার্স্ট-সেকেন্ড ইস্কুলবয়
সহজে ছাড়ে না ওরা, ওরা খুব ছোট মনের হয়
তার থেকে আমাদেরকে ছাগল বলো দাদাবাবু, ভালো—
গাধারা আকাশ দেখে, ছাগলের খয়েরি চোখদুটি
আমাকে যে বলেছিল ``ছুটি চাই ছুটি চাই ছুটি’!
`অলস মহিষ হলো দার্শনিক’, বলেছিলে তুমি,
`শুধু শুধু চিন্তা তার দোষ’
হাসাহাসি হয়েছিল, বলেছিলে `মোষ হ`বি, মোষ?’
........................................
থিয়োডোর অডোর্নো বলেন—
অশ্চউইজের পরে
কবিতা লেখার কথা
কবিরা কখনো যেন
আর না ভাবেন।
দোহাই সম্পাদক
এরপর থেকে
আমলাশোলের ছবি
জলঙ্গীর ছবি
যেন অনুগ্রহ করে
বিনোদন সংখ্যায় ছাপেন।
Friday, June 25, 2010
নষ্ট মুহুর্তেরা ক্লান্ত ঠোঁটের স্নেহতাপে
দ্রাঘিমা পেরিয়েও অন্তর্লীন জিঞ্জাসা!
তবে কেন,
জ্বলন্ত মোমের পাশে দাঁড়িয়ে
খুলেছিলে মেয়েবেলার আঁচল
স্ফীত তলপেট ছুঁয়েছিলো কম্পিত তালু
তবে কেন,
ছোঁয়াচে রোগের মত দ্রুত পায়ে
হেঁটে গিয়েছিলে তৃষ্ণার্ত ছায়াপথ ধরে
শূন্য ঘুমের নিস্তব্ধতায় এনেছিলে শরীরী স্পন্দন
প্লাবিত নদীর বুকের ধুমায়িত মেঘে ছিল আত্মহননের প্রতিশ্রুতি
তবে কেন, দলছুট ছোট্ট হাতিটির মত
অনাত্মীয় আত্মার সঙ্গে এখন শুধুই সাদা-রক্ত খেলা
ফিরতে তোমাকে হবেই দীর্ঘ সর্পিল চুম্বনের পর
তবে কেন.........
....................................
তেঁতুল পাতায় শুয়ে চাঁদের সঙ্গে শুরু খেলা...
আগুনের ঢেলা নাচে বুকের ভেতরে
নতুন ঋতুর গন্ধে জেগে ওঠে নতুন কিশোরী
চোখে তার অন্য এক ভাষা।
সে ভাষায় বিরহ ও মিলনের আশ্চর্য ইশারা।
শরীরে শরীর খুঁজছে সুখ ও অসুখ
ছুঁতে চায় বিন্দু ও ত্রিভূজ
নিখুঁত মুদ্রায়।
তেঁতুল পাতায় শুয়ে চাঁদের সঙ্গে শুরু খেলা
সে খেলায় বেড়ে যায় আকণ্ঠ পিপাসা।
........................
কেন যে বোঝ না তুমি
এই স্বাদ পুরোনো সঞ্চয়
বেঁছে থাকার ভেতরে অনর্গল স্বপ্ন বিনিময়।
তুমি তো শিকড় তুলে এনে দাও
প্রাসঙ্গিক রাত
টিউশন শেষে গরম গরম ভাত।
অফুরান ব্যর্থতায় আমি
ডাকটিকিটে সাঁটা বাদামী খাম
আর্দ্র চোখে মুছে ফেলি অনিশ্চিত ঘাম।
Monday, June 21, 2010
যৌনকোলাজের সাদা কালো নিশ্বাস
ক্রমশ আজ আক্সিজেন হয়ে উঠছে
সমস্ত আগ্নেয় পাহাড়ই এখন প্রবল সুপ্তিহীন
কঠিনপাঠ ঈশ্বর আজ সরে গেছে কত দূরে
কোনও রঙ মাখিনি কোথাও
তবুও কেমন এই বিচিত্র বসবাস
খোলা আকাশের নীচে আর্গলহীন
সমস্ত অশিল্পই আজ কী তীব্র চর্বচোষ্যলেহ্যপেয়
নিশ্চিন্তে শুয়ে আছে আত্মবিশ্বাসী গর্ভবাজার
জেনে শুনে অনিবার্য যখন ভুল করে যেতে হয়
সেই মতো ভ্রমে
সোজা ঢুকে যাই অনন্ত মজাঘর
শুধু দিন নয়, রাত নয় – অকাল আষ্টপ্রহর
........................
এক বিছানায় আমরা কাটিয়েছি সুদীর্ঘ জীবন। আজ মধ্যরাত্রে আকস্মাৎ তার দাড়ি কামাবার শব্দে আমার গভীর ঘুম ভেঙ্গে গেল। দেখলাম, অতিকায় রেজারে সে তুলে ফেলছে মৌখিক অভিব্যক্তি গুলি, ত্বকের বহুমাত্রিক আবরণ। তার শেষ অশ্রুপতনের শব্দে কেঁপে ওঠে রিখটার স্কেল, নদী পাড়ের মা। দেখি ঘরময় ছোটাছুটি করে ভয়ার্ত আয়না লুকাবার জায়গা খুঁজছে।
........................................
সম্পর্কটা পুরনো। তো, সেই সম্পর্কের
মধ্যেখানে যারা আসে তারা কেউ আস্ত
থাকে না। হেঁসেল হাসে। তবুও গ্রহের
ফেরে কেউ না কেউ... সর্ষে থেকে সূর্যাস্ত
পৃথিবীর ভাড়াটিয়া। শ্রীযুক্ত সুরেশ
মহিম-অচলার মাঝখানে, ঠিক তখনই—
গৃহদাহ! শরৎ বাবু প্রকৃত মরমী.........
হেঁসেলেরা কাড়ে – কাশে অন্তর প্রদেশ।
ফিসফিসিয়ে আঁধার হল – খাড়া তার টিকি
টানাপোড়েনের প্রেমে কথা কাটে লোকে।
শো ভাঙে সতত পথে, নামে চোখে জল।
সম্পর্কটা পুরনো তো, সেটাই আসল—
স্বদেশ গীতিকা লেখা উনুনের চোখে
শিল-নোড়া আদতে সহজ – কৃষ্ণ-প্রতিকী
....................................
উত্তাপ দিও না আর
আয়ুর কপালে হাত রেখে
ছবিতেই বেঁচে থাকা ভালো
ভোগহীন বয়সে যুবক
চকচকে জীবন্ত ল্যামিনেটেড
পেছনে আংটা আছে দুটো
টেবিলে রেখো, যদি মনে কর
দেওয়ালেও টাঙাতে পারো
যেমন ভালোবাসো।
Saturday, June 12, 2010
সবাই একা, প্রত্যেকেই
একা একা
নিজের ভিতরে,
স্বজন বান্ধব অথবা প্রেয়সী-প্রিয়্তম
দূরত্বের আকাশ, আপাত
সংঙ্গে থাকে.........
আসলে একা ......... একাই,
নিজেরই ছায়ার সংঙ্গে নির্জনে
নিজেকে দেখা
কথা বলে যাওয়া
সকাল – দুপুর – সন্ধ্যায়।।
.............................
তোমার সুরক্ষা চাই আর কিছু নয়
আমার শরীর জুড়ে আদিগন্ত পাপ
প্রতিদিন মরি তাই দিনে আর রাতে
আমার ভুলের থেকে আরো দূরে যাও
আমার কাছেতে শুধু নামটুকু থাক
প্রিয় নাম গায়ে মেখে পাপক্ষয় করি
তোমার সুরক্ষাটুকু নিশ্চিত হলে
বিষন্ন শরীর জুড়ে বৃষ্টি নেমে আসে।।
...........................
কোথায় হারিয়ে ফেলেছি তাকে
এখন শুধু বন্দী জীবন......
পাথরেরা জেগে উঠেছে
দেওয়ালও পেতে আছে কান
দেওয়ালে দেওয়ালে আমি ওকে লিখলাম।
জানলায় উড়ে আসে সময় কংঙ্কাল
যার কাছে ফেলে আসি যৌবনের ঘ্রাণ
সমস্ত কপাট খুলে আমি উন্মাদ
ভেতরে ঢুকেছি তার, ভেতরে বাগান...
আজ লিখি নিজের কাছে নিজের নির্বাসন।।
...........................
কি ভয়ানক শূন্যতা
শূন্যতা এখন তোমার বুকেও বাজে
অ্যান্টিসেপ্টিক ক্রিম লাগাও ক্ষতে
তুমি এখন অ্যানাকোন্ডা হও প্রতি রাতে।।
Wednesday, May 5, 2010
পৃথিবীর সব প্রাপ্তবয়স্ক মেয়েদের প্রতি
ছুঁয়েছি গোলাপ দুই ঠোঁট
তারপর গেঁথে গেছে, পাঁচটি আঙ্গুল
হাতের আঙ্গুল
দেহ জানে দেহ তার নিজস্ব ভাষায়
হাতের আঙ্গুলে মুদ্রিত রাতের অক্ষর
নির্জন রাত্রি পাঠ হাতের আঙ্গুলে
নির্জন রাতের ভাষা, কাব্য হয় গোলাপ দু ঠোঁট
জগতে সকল নারী সুখী হোক
জগতে পুরুষ সব হয়ে যাক
রাত্রির নির্জন মাঠে দক্ষ এক চাষা।
Thursday, March 11, 2010
প্রজাপতি মেয়ে
প্রজাপতি মেয়ে
চোখের তারায় খেলে হরিণি, চঞ্চল
''এখানে হাতটি রাখো, ঠিক এইখানে''
মেয়েটি বুকের ভাজে কী যেন দেখায়।
আমি তার বুকে খুজি ভাদরের নদী
নি:শ্বাস ভারী হয়
তপ্ত হাওয়ার সুর মাতাল মাতল
মেয়েটির চোখ ভাসে জলে
বাসা বেধে বসে আছে বুকে তার
ব্যথা ও অসুখ।
Monday, January 11, 2010
একটি নারী সম্বন্ধীয় কবিতা
প্রথমে লাজের ঘোর, তারপর ঘোরলাগা রাত
ফিস ফিস বাতাসেও, উড়ু মন উদাস উদাস
বালক যুবক হলে
বাতাসেও বুঝে যায় বুঝি?
বালিকার বুক থেকে খসে পড়ে দেয়াল কপাট
বয়সে বালক ছিলাম নেই তার কোনোই গড়িমা
যুবতীর বুকে খুজি-
আমাকে নির্মাণ কেন, কিসের মহিমা?
Sunday, January 10, 2010
প্রণয়
আকাশ থেকে পড়ল খসে স্বপ্ন এবং রাত্রি নেশা
হাতে হাতে চোখে চোখে
তুমি আমি আমরা হলাম
আমরা দুজন আমরা হলাম
নতুন বাগান তৈরী হবে...
Monday, January 4, 2010
খড়াকাল
পাখির ঠোঁটের সুর তুলে আনা
ফিদার ছবিতে
মাধুরীরর কোমর ও নাভিতে
ভালোবাসা খুঁজে পাওয়া
চৌরাশিয়ার বাঁশি, আহা ভালোবাসি
ভালোবাসা ছড়ানো ছিটানো কত না
চিঠিতে, গল্পে পাতায় পাতায়
লেখা হয়
রমনায়
চন্দ্রিমা উদ্যানে
গাছের বাকল তুলে
নখের আঁচরে
ভালোবাসা চারিদিকে ছড়ানো ছিটানো
আকাশে বাতাসে দেহে চোখের পাতায়
একবার যদি কেউ কুড়িয়ে কুড়িয়ে
এ অমল ভালোবাসা হৃদয়ে করত জমা
আহা! কত সুখ হতো।
Sunday, December 20, 2009
পচনের কাল আসে ফুলেরও একদিন
অমানিশা কেটে গেলে তোমাকেই
ধরেছি জড়িয়ে
ঠোঁট ছুঁয়ে হাত ছুঁয়ে চোখের কাজল ছুঁয়ে
জেনেছি এ আমার অমল বেঁচে থাকা
তোমাকে ভেবেছি ভোর
ভোরের শিউলি, জুঁই, রাতের গন্ধরাজ
তোমাকে ভেবেছি ভোর
ভোরের শিশির ধোয়া কোমল বকুল
তোমাকে ভেবেছি ভোর
ছুঁয়ে হাত বলেছি এ আমার গোলাপ গোলাপ
পঁচনের কাল আসে ফুলেরও একদিন!
এ আমি না, ভাবিনি কখনো।
Thursday, December 10, 2009
দ্বিধা
আমি তার বুঝেছি কিছুবা, হয়তো অনেক
জানি
'ভালোবাসি' মানে ভালোবাসা নয় কখনো কখনো
দূরে যাওয়ার জন্যও আসতে হয় কাছে
অথবা
চিঠির জবাবে না লেখা কথার মতোই
লুকিয়ে থাকে কিছু রহস্য-গোপন
সব অভিসারে
মেঘের মতোই নেমে আসে
ঝড়ের মতোই উড়ে আসে
পলির মতোই ভেঙ্গে পড়ে
অভিসার শেষে, কপট সময়।
Thursday, February 12, 2009
মাঝে মাঝে রাতে ঘুম ভাঙ্গে, মাঝে মাঝেই, তীব্র পিপাষায় বুক ফেটে যেতে চায়। আমি উঠি, ওয়াটার জারের কাছে গিয়ে এক গ্লাস জ়ল নিই হাতে। তারপর বারন্দায় চলে যাই। বারান্দায় আমি আর নির্জন রাত...আমি কেন যেন আর আগ্রহ পাই না কিছুতেই, ঘুমাতে ইচ্ছে করে না তাই বিছানাও টানে না তখন।
নিস্তব্ধ রাত আরো গাঢ় হতে থাকে। আমার কোনো চিন্তা নেই, কোনো শব্দ নেই, কোনো তৃষ্ণা নেই এমন বোধহীন হয়ে ওঠে অস্তিত্ব। এই যে রাত একে নিয়ে কত না সুন্দর কল্পনা ছিল, এখন তা কোথায় গেছে ভাবি না। এই যে পৃথিবী তার অপার সৌন্দর্য, একে কতই না ভালোবাসি আমি, কতই না ভালোবাসি মানুষ, প্রিয়জন পরিচিত অ-পরিচিত। কারো কথাই তখন আর মনে পড়ে না। আশ্চর্য! আমি নিজেই যে একজন মানুষ, হারিয়ে ফেলি তখন সেই বোধটাও। পুরো মাথটাই যেন শূন্য হয়ে যায়।
শেষ হয়ে এলে এই বোধহীন ক্ষণ, একটি মুখ আমার উকি দেয় মনে, তাকে, সে, যে আমার ছিল না তো কেউ, না সে আমার কেউ হবেও না কোনোদিন। অথচ সে আমার কেউ যদি হতো তাহলে এরকম বোধহীন ক্ষণগুলোও ভরে যেত তীব্র অনুভবে।
রাতের নির্জনতা না ভেঙ্গেই এক সময় দুচোখ ভরে ওঠে জলে। তার মুখ ভেসে ওঠে। শুধুই তার মুখ দেখি, ঝাপসা হয়ে আসে সব, তার মুখও। হাতটা বাড়িয়ে দিয়ে বলি- হাত ধরো। আর কী সুন্দর চাপাফুলের ঘ্রাণে ভেসে যেতে থাকি আমি। মনে হয় এইতো এসেছে সে। এই তো আমার সবচেয়ে পছন্দের নীল রঙ শাড়ী পড়ে, চাপাফুল মেয়ে।
সে আমার ছিল না তো কেউ। সে আমার হবে না কোনোদিন। অথচ আমি জানি সে আমার সব হয়ে আছে। আমার নির্ঘুম রাতগুলো, সব ভালোলাগা, সুখ-অসুখ, সফলতা ব্যর্থতা এমন কি রাস্তায় একটি ইটের কনায় ব্যথা পেলেও আমি সবার আগে দেখি তাকে, ভেসে ওঠে শুধুই তার মুখ।
Tuesday, August 12, 2008
আপাত পানাহার
আপাত পানাহার / শুভেন্দু দেবনাথ
কাব্যিক গ্লো সময় বইছে তারিখের বোতল।
এই তো মায়া হনন ঢালছি টেবিলে টেবিলে।
ওপচানো কোলাহল ভেঙে
প্রবেশে ডারলিং এসো আবেশ ফোরামে।
এসো আর ভোরালির জারিজুরি মাখো
বিলাস কাঁথায়।
শুরুর বিষাদ আর উরুর শোকে অলি অলি
গলিপথ ঘুরে
ঘরেলু শিকল নয় শেরোয়ান লাগছে পরোয়ানার
পরতে পরতে।
ছিপি খুলে অস্ফুট চাঁদ ভাঙলো কোন পরবর্তী
পয়গম্বর
ঢাকা প্লেটে এক আধটা জরিবুটি হয়তো বা তখনো......
Monday, June 23, 2008
Sunday, June 8, 2008
Monday, May 12, 2008
তুমি
এক পৃথিবীতে শীত নামে শীতের সময়ে
মাঝখানে কেউ কেউ ধারণ করে অপার্থিব ওম।
পৃথিবীকে বাঁচিয়ে রাখে তোমার হাসি
ভাষাজ্ঞানে আর থমকানো দৃষ্টি
এখানে প্রতিদিন ভোর নামে ভোরের নিয়মে
দৃষ্টির ছোঁয়ায় দিয়ে যায় কতশত
নিথর প্রাণের আবেশ।
তোমার আড় চোখের ভাষা পড়তে জানি
তবে মাঝপথের বাধনটা সামনে আসেই
তাই আর একটা দিন একলা-একলা স্নানঘরে কাটিয়ে দিই,
এই দুপুর গতকালও ছিল এমনই
কালকের যে সময় একান্ত ছিল সেখানেও তোমার উপস্থিতি
শুধু ভাষাজ্ঞানের বোবারূপ
কে যে কবে দিয়েছিল মুখের কলুপ!
তুমি তো গতকালও ছিলে তোমার মতো
উৎসবমঞ্চে কী দারুণ অভিনয়
পায়ে যদি নূপুর বাঁধো শব্দ হবেই
নামমাত্র ঢঙে নিজেকেই আগলাবো
বাসিফুল ভেবে নয়
শুনেছি একটা প্রেম হবে আধুনিক-হয়তো উত্তর আধুনিকও
আঁজলা ভরে বসে আছি তোমার জন্যে
তুমি যদি ফিরে যাও তোমার সময়ে
আমার আমি থেকে আমাকে ছাড়াবে
পৃথিবীর সমানবয়সী প্রেমপত্র অনর্গল ধ্বনিত হবে
নতুন কন্ঠে;নতুন রূপে।












